লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আশরাফুল ইসলাম (২৫) নামে এক আসামীকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আসামীর আত্নীয়-স্বজনরা। পলাতক আসামী ওই এলাকার আক্কাস আলীর ছেলে বলে জানা গেছে ।শনিবার বিকালে ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, মোটর সাইকেল চুরি চক্রের হোতা আশরাফুল ইসলাম। চুরি সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে ৩/৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করেন আদালত। সেই ওয়ারেন্টমুলে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী লতাবর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামীর আত্নীয়-স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে আসামী আশরাফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ ফোর্স পাঠানো হলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত পুনরায় গ্রেফতার বা হাতকড়া উদ্ধার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আসামী ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন।